রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই যানবাহনগুলোর চলাচল সুশৃঙ্খল করতে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বেলা ৩টায় সংসদের এই বৈঠক শুরু হয়।
সালাউদ্দিন আহমদ জানান, অবৈধ চার্জিং পয়েন্টসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই নীতিমালা চূড়ান্ত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে অটোরিকশার নম্বর এবং চালকদের নিবন্ধনের ব্যবস্থা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধি ও নীতিমালা সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। মানুষের কর্মসংস্থান এবং পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে কিছু শর্ত সাপেক্ষে এই নীতিমালা দ্রুতই কার্যকর করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।


























