পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে বর্তমানে সেখানে বিলাসী জীবনযাপন করছে। মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যারা চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি সম্পর্কে মন্ত্রী বলেন, এগুলো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।
ভবিষ্যৎ সম্পর্কে মন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি বা গোপন বাহিনী জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
উক্ত সভায় উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























