সংস্কারের অভাবে মরণফাঁদ রংপুরের তারাগঞ্জ-বুড়িরহাট সড়ক
- আপডেট সময় : ০৪:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০৯
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রংপুরের তারাগঞ্জ-বুড়িরহাট সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটির সাড়ে চার কিলোমিটার অংশজুড়ে বড় বড় খানাখন্দ ও গর্ত তৈরি হয়েছে। কোথাও কার্পেটিংয়ের চিহ্ন নেই, আবার কোথাও পিচ উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে।
এই সড়কটি বুড়িরহাট, মাছুয়াপাড়া, মাঝাপাড়া, ভাটারপাড়, ফরিদাবাদ, বৈদ্যনাথপুর, বিষ্ণুপুর, মিড্ডারমাল্লি, তেলিপাড়া, অনন্তপুর, ফুলবাড়ি, বড়বাড়ি, মিস্ত্রিপাড়া, হাজীপাড়া, পলাশবাড়ী, খিয়ারচড়া, খানবাড়ির ডাঙ্গা ও ডাঙ্গাপাড়াসহ অন্তত ১৫টি গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাঙাচোরা এই রাস্তায় ভ্যান বা অটোরিকশায় চলাচল করা অত্যন্ত কষ্টকর।
ফরিদাবাদ বড়বাড়ির ডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী রুবেল ইসলাম জানান, রাস্তাটি এতটাই ভাঙাচোরা যে ভ্যানে উঠলে শরীরের হাড় পর্যন্ত কেঁপে ওঠে। তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, রাস্তার বেহাল দশার কারণে অটো বা ভ্যান পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, ফলে নিয়মিত স্কুলে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা মোতালেব হোসেন ও আকিব খানের মতে, রাস্তাটি এখন আর চলাচলের উপযোগী নেই, বরং এটি একটি মরণফাঁদ। দিনের বেলা সতর্ক হয়ে চলাচল করা গেলেও রাতে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইজিবাইকচালক গোবিন্দ রায় জানান, ভাঙা রাস্তার কারণে নিয়মিত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং যাত্রী পেতেও সমস্যা হচ্ছে।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান বলেন, সড়কটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।




























