মক্কা জোটে যুক্ত হতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা
- আপডেট সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে জানিয়েছিলেন, বিষয়টি চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্য দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আগ্রহ দেখালে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মক্কা চুক্তি বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এই চুক্তির সদস্য। বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে, তবে এতে যোগদানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে এই চুক্তি বিস্তৃত হলে তা মুসলিম সমাজের আত্মরক্ষার একটি শক্তিশালী ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় অন্য কারো উদ্বেগের কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্পাদিত এই প্রতিরক্ষা চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে অন্য সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।



























