তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

- আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চর দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘটিত এক ভয়াবহ টেঁটাযুদ্ধে কুহিনূর আক্তার (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। গত ২৯ জুলাই রাতে নিহতের স্বামী কাবিল মিয়া বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মেঘনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চর দখল নিয়ে মেঘনার চরবিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজনের সঙ্গে তিতাসের ভাটেরারচর গ্রামবাসীর মারামারির সময় বিনোদপুর গ্রামের বাসিন্দা কুহিনূর আক্তার টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
সরেজমিনে ভাটেরারচর গ্রামে গিয়ে জানা যায়, গত রোববার দুপুরে তিতাসের চরভাটেরা গ্রামের প্রবাসী মো. শাহবাজ ও মজনু মিয়া ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে যান। সেখানে চর বিনোদপুর গ্রামের আলী আকবর ও তার লোকজন তাদের মারধর করে আটক করে রাখে। এই ঘটনার জের ধরে ওই দিন বিকেলে মেঘনার আলীপুর ও চর বিনোদপুর গ্রামের লোকজনের সঙ্গে তিতাসের ভাটেরারচর গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধ শুরু হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। নিহত কুহিনূর আক্তার মেঘনার বিনোদপুর গ্রামের ট্রলার চালক কাবিল মিয়ার স্ত্রী। তিনি গলায় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কুহিনূরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন ট্রলারযোগে নদী পার হয়ে ভাটেরারচর গ্রামে এসে আনুমানিক ৩০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করেছে বলে ভাটেরারচর গ্রামের লোকজন অভিযোগ করেছেন।
মেঘনা থানা পুলিশ মামলার এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, তিতাসের নতুন ভাটেরাচর গ্রামের মাইনুদ্দিন (৪০), মো. হান্নান (২৬), কাশেম বেপারী (৬০), মো. রানা (২১) এবং মজিদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. সুরুজ মিয়া (৬২)। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
এদিকে, পুলিশের গ্রেপ্তার আতঙ্কে তিতাসের ভাটেরারচর গ্রাম নারী-পুরুষ শূন্য হয়ে পড়েছে।

























