রামুর ঝটিকা মিছিলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৩১ জন

- আপডেট সময় : ০৬:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ব্যানারে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে রাখা হয়েছে। ঘটনার প্রতিবাদে রামু উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে এই ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সোমবার রামু থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ নূরুল আবছার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দামের নির্দেশে এবং রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক ও এরশাদুল কাউসার সাকিবের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী জোয়ারিয়ানালার পূর্ব মুরাপাড়ার জমজম ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে মিছিল বের করেন।
মিছিলের সময় তাঁরা লাঠিসোঁটা, বিভিন্ন ফেস্টুন এবং শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার বহন করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দিয়ে জনমনে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। পুলিশের দাবি, খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তাঁরা ব্যানার, লাঠিসোঁটা ও ইটের টুকরা ফেলে রেখে যান।
ঘটনাস্থল থেকে পুলিশ শেখ হাসিনার ছবিসহ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার, ১৩টি কাঠের লাঠি এবং ১৯টি ইটের টুকরা জব্দ করেছে। স্থানীয় তিনজন সাক্ষীর উপস্থিতিতে পুলিশ জব্দ তালিকা প্রস্তুত করে। এজাহারে আরও বলা হয়েছে, ঘটনাস্থলের আশপাশের লোকজনের তথ্য, গোপন সংবাদ এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের অধিকাংশই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং অজ্ঞাত আসামিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

























