পেরিম দ্বীপ দখলের পর হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ‘সরাসরি আলোচনা’ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত সোমবার ওয়াশিংটন পরিস্থিতির ওপর নজর রাখছে জানিয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। ইরান-সমর্থিত গোষ্ঠী হুতিরা লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ময়ুন দ্বীপ, যা পেরিম নামেও পরিচিত, দখল করার পর এই আলোচনার বিষয়টি সামনে এল।
কানসাসের উদ্দেশে রওনা হওয়ার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্সের কাছে জানতে চাওয়া হয়, বাব আল-মানদেব প্রণালির ভেতরে অবস্থিত পেরিম দ্বীপ হুতিদের দখলে চলে যাওয়া নিয়ে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন কি না এবং এ ঘটনায় যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে তিনি বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলে ক্ষতিগ্রস্ত অন্যদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং মার্কিন প্রশাসন বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নজরে রাখছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা হুতিদের সঙ্গেও সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মনে হচ্ছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে পরিস্থিতি খুবই দ্রুত ও নাটকীয়ভাবে পরিবর্তন হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব এবং নিশ্চিত করব, যাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ যথাযথভাবে রক্ষা হচ্ছে কি না, তা দেখা হয়।’
গত শুক্রবার পেরিম দ্বীপের দখল নেয় হুতিরা। এর মাধ্যমে বাব আল-মানদেব প্রণালির ওপর তারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যকার এই সরু প্রবেশপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। হুতিরা এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এদিকে, সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা অব্যাহত রয়েছে এবং ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াই তীব্রতর হচ্ছে। বাব আল-মানদেব প্রণালির ওপর হুতিদের এই নিয়ন্ত্রণ বৈশ্বিক তেল বাজারকে ঝুঁকির মুখে ফেলেছে এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে বলে বিশ্লেষকদের ধারণা।



























