এয়ারবাস ঘুষ কেলেঙ্কারি: গ্রেপ্তার শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে নামাল
- আপডেট সময় : ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

এয়ারবাস বিমান কেনার বিতর্কিত চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার শ্রীলঙ্কার দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৪০ বছর বয়সী এই প্রভাবশালী রাজনীতিবিদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা নামাল রাজাপক্ষেকে জিজ্ঞাসাবাদের জন্য দুই সপ্তাহের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দুর্নীতি বা ঘুষসংক্রান্ত তদন্ত কমিশন (সিআইএবিওসি) ২০১৩ সালের প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের আলোচিত এয়ারবাস চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে হাজির করে।
তদন্তকারী সংস্থার অভিযোগ, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের পক্ষ থেকে শ্রীলঙ্কার কর্মকর্তা ও রাজনীতিবিদদের দেওয়া ঘুষের অর্থের একটি অংশ হিসেবে নামাল রাজাপক্ষে আট লাখ মার্কিন ডলার গ্রহণ করেছিলেন। তদন্তে আরও উঠে এসেছে যে, সিঙ্গাপুরের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে শ্রীলঙ্কার একজন প্রভাবশালী ব্যবসায়ী এই অর্থ স্থানান্তরে সহায়তা করেছিলেন। নামাল রাজাপক্ষের আইনজীবী নিশান্ত দয়ানন্দ আদালতে জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
এর আগে একই এয়ারবাস চুক্তি সংক্রান্ত বিষয়ে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকেও জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন। অভিযোগ রয়েছে, মাহিন্দা রাজাপক্ষের ২০০৫ থেকে ২০১৫ সালের শাসনামলে ১০টি এয়ারবাস কেনার জন্য মন্ত্রিসভার অনুমোদন আদায়ের বিনিময়ে এয়ারবাস প্রায় ১৬ মিলিয়ন ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ তদন্তেও এই অভিযোগের প্রমাণ পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে রাজাপক্ষে পরিবার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করেছে যে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য, ২০১৬ সালে শ্রীলঙ্কার তৎকালীন সরকার বিতর্কিত ওই চুক্তিটি বাতিল করেছিল।




























