মিনিয়াপোলিসে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত, আহত তিন পুলিশ সদস্য
- আপডেট সময় : ১১:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, সন্দেহভাজন বন্দুকধারী নিজেও মারা গেছেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্যারেট পার্টেন জানান, ঘটনাস্থলেই একজন মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি হওয়া তিন পুলিশ সদস্যের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল এবং মৃত্যুর ঝুঁকি নেই বলে ধারণা করা হচ্ছে। অন্য পুলিশ সদস্যের আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জনগণের প্রতি মিনেসোটার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন যে, তাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। শহর কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তীতে আরেকটি সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে।




























