নেপালে বন্যার মরদেহের দুল চুরির ঘটনায় গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০২:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নেপালে ভয়াবহ বন্যার কবলে পড়ে নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ ভিডিওটি পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কাঠের পাটাতন ও মরদেহের চুল ধরে পানির মধ্য থেকে ওই নারীর মরদেহ টেনে তুলছেন। এ সময় দুই ব্যক্তি মরদেহটির দুই কান থেকে দুল খুলে নিয়ে পাশে রেখে দেন। ঘটনাটি আশপাশে থাকা কয়েকজন মুঠোফোনে ধারণ করেছিলেন।
চিতওয়ান পুলিশ জানিয়েছে, তদন্তে তারা নিশ্চিত হয়েছে যে ভয়াবহ বন্যায় ভেসে আসা মরদেহ উদ্ধারের সময়ই এই চুরির ঘটনাটি ঘটে। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ২৫ বছর বয়সী মাদান গুরুঙ ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার চিতওয়ান জেলার ভরতপুর মহানগরীর-১ এলাকার পোখারা বাস পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্যোগের মতো সংকটময় সময়ে বন্যার্ত মানুষের সম্পদ লুট বা ভুক্তভোগীদের লক্ষ্য করে যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।



























