লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবি নাকচ করল হুথি
- আপডেট সময় : ১২:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে টোল বা শুল্ক আদায়ের দাবিটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তারা জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে।
শনিবার (১ আগস্ট) হুথি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, লোহিত সাগরে তাদের ট্রানজিট সেবাটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং বিনামূল্যে প্রদান করা হচ্ছে। জলপথটি দিয়ে যাতায়াতের সময় কেউ যদি টাকা দাবি করে, তবে তারা ইয়েমেন সরকার বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না। অননুমোদিত কোনো ব্যক্তি বা সংস্থাকে টাকা কিংবা কোনো তথ্য না দেওয়ার জন্য শিপিং কোম্পানিগুলোকে বিশেষভাবে অনুরোধ করেছে সংস্থাটি।
এর আগে গত ২৯ জুলাই বার্তা সংস্থা রয়টার্স আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে দাবি করা হয়, ইরান-পন্থী হুথি বিদ্রোহীরা বাব-এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা করছে। এর ঠিক এক সপ্তাহ আগে হুথিরা সৌদি আরবের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে, জুলাইয়ের শুরুতে তেহরান সফরে হুথি প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এই টোল আদায়ের বিষয়ে আলোচনা করেন। এমনকি টোল আদায়ের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনে ইরানের উপদেষ্টারা হুথিদের সহায়তা করছেন বলেও খবরে উঠে আসে। মূলত হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব তাদের তেল ও পণ্য রপ্তানির বিকল্প রুট হিসেবে বাব-এল-মান্দেব প্রণালি ব্যবহার করে আসছে। ফলে সেখানে শুল্ক আরোপ করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো রিয়াদ। এই হুমকির মুখে লোহিত সাগর, বাব-এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ১৪টি দেশের সমন্বয়ে একটি নতুন নৌ-জোট গঠন করেছে সৌদি আরব।
এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য বাব-এল-মান্দেব প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নৌপথ। এই প্রণালিতে টোল আরোপের যেকোনো পদক্ষেপকে মূলত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কর আদায়ের ইরানি প্রচেষ্টারই অংশ হিসেবে দেখছিলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।




























