ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি, ইরানের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা
- আপডেট সময় : ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগে ইরানের প্রতি কড়া সতর্কতা জারি করেছেন তিনি। সম্প্রতি নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা মিছিল থেকে তাকে হত্যার আহ্বান জানানো হয়েছে—এমন দাবির প্রেক্ষিতে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেই এই পাল্টা হুমকি দেন।
শনিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরান সরকার যদি তাকে হত্যার কোনো বাস্তব পদক্ষেপ গ্রহণ করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দিতে পিছপা হবে না। তিনি লিখেছেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে উচ্চারিত এই হুমকি যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে এক হাজার মিসাইল প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে লক্ষ্য করে রাখা হয়েছে। এর পর আরও হাজার হাজার মিসাইল তাৎক্ষণিকভাবে প্রস্তুত থাকবে।’
ট্রাম্প আরও দাবি করেছেন যে, মার্কিন সামরিক বাহিনীকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষ্যমতে, মার্কিন বাহিনী এক বছরের মধ্যে—প্রয়োজনে সময় বাড়িয়ে—ইরানের সব এলাকাকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।
এদিকে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ট্রাম্পকে কেন্দ্র করে ইরানের নতুন ও সুনির্দিষ্ট কোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছে। সিএনএন-এর একটি সূত্রের তথ্য অনুযায়ী, নতুন ইসরায়েলি গোয়েন্দা তথ্যে একটি সক্রিয় এবং নির্দিষ্ট পরিকল্পনার বিস্তারিত বিবরণ রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালও এই হুমকিকে একটি নতুন বিষয় হিসেবে চিহ্নিত করেছে।




























