ইউনিভার্সাল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ক সেমিনার

- আপডেট সময় : ০৭:০০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং কিডনি প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতি বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভারতের ম্যাক্স হেলথকেয়ার এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ৩০ জুলাই ২০২৬ তারিখে কলেজের লেকচার গ্যালারি-১ এ এই সেমিনার আয়োজিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও প্রযুক্তিগত তথ্য উপস্থাপন করেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের হেমাটো-অনকোলজি এন্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর ডা. সত্যরঞ্জন দাস এবং নেফ্রোলজি এন্ড কিডনি ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর ডা. অনিল প্রসাদ ভাট। তারা বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্তরোগ এবং আধুনিক কিডনি ট্রান্সপ্লান্টেশনের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষজ্ঞরা জানান, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন রোগীর আয়ু বৃদ্ধি এবং সুস্থ জীবনে ফিরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্যে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভবিষ্যতে হাসপাতালে লিভার, বোন ম্যারো, বোন-জয়েন্টস ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেবা চালুর লক্ষ্য ব্যক্ত করেন।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে নেফ্রোলজি ও কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল আহাম্মদ এবং হেমাটোলজি প্যানেলে লে. কর্নেল ডা. রুকসানা খানম, ডা. ফারহানা ইসলাম নীলা ও ডা. মো. আখলাক-উল-ইসলাম অংশগ্রহণ করেন।
ইউনিভার্সাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালের ধন্যবাদ জ্ঞাপন এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিকা মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম এবং এইমস হেলথকেয়ারের সিইও মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ডা. আয়েশা সিদ্দীকা এবং আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।




























