ভারী বৃষ্টি ও বজ্রঝড়ে দিল্লিতে ১৪টি ফ্লাইট অন্যত্র স্থানান্তর
- আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সোমবার দিল্লিতে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রতিকূল এই আবহাওয়ার ফলে রাজধানীর বিমানবন্দর থেকে ১৪টি ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নিতে হয়েছে। বিমানবন্দরের আগমন ও বহির্গমন উভয় ধরনের ফ্লাইটেই এর প্রভাব পড়েছে এবং বিভিন্ন রুটে ফ্লাইট বিলম্বিত হয়েছে।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাসা এয়ারের মতো বিমান সংস্থাগুলো যাত্রীদের সতর্ক করেছে যে, আবহাওয়ার কারণে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে এবং এর প্রভাবে পরবর্তী সংযোগকারী ফ্লাইটগুলোও প্রভাবিত হতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাগুলো ধৈর্য ও সহযোগিতা চেয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, শাহদারা, মধ্য দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি, নয়াদিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও উত্তর দিল্লির কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া মধ্য দিল্লি, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও উত্তর দিল্লির বিভিন্ন এলাকাতেও মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাসের সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়া মেট স্কাইয়ের পূর্বাভাস অনুযায়ী, গাজিয়াবাদ, পূর্ব দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, দিল্লি ও দক্ষিণ দিল্লির বিভিন্ন অংশে দমকা হাওয়াসহ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যেতে পারে। আগামী দুই দিনও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে ভারী বৃষ্টির পর দিল্লির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাসিন্দারা বিভিন্ন সড়কের পরিস্থিতির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। গাজিয়াবাদে বৃষ্টির পর আবহাওয়া কিছুটা মনোরম হলেও যাতায়াতে ব্যাপক ভোগান্তি তৈরি হয়। বিভিন্ন সড়কে যান চলাচলের গতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দিল্লির বিভিন্ন এলাকা থেকে নয়ডায় কর্মস্থলে যাওয়া অফিসগামী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। ভারী বৃষ্টির কারণে প্রধান সড়কগুলোতে যান চলাচল ধীর হয়ে যায়। অনেক যাত্রী জানিয়েছেন, তাদের স্বাভাবিক যাতায়াতের সময় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কারও কারও অফিসে পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। বৃষ্টির পর আবহাওয়া আবার গরম ও আর্দ্র হয়ে উঠতে পারে।





























