মৃত্যুর গুজবে ক্ষুব্ধ আবুল হায়াত, জানালেন সুস্থ আছেন
- আপডেট সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিজের মৃত্যুর গুজবে তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন বরেণ্য অভিনেতা ও নাট্যজন আবুল হায়াত। তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে নিশ্চিত করেছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আবুল হায়াতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বেশ কিছু পোস্ট ও ভিডিওর মাধ্যমে এই ভুয়া খবরটি প্রচার করা হয়। এর পর থেকেই দেশ-বিদেশে থাকা তার আত্মীয়স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে তাকে ফোন করতে শুরু করেন। হঠাৎ এমন খবরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন আবুল হায়াত। তিনি বলেন, ‘আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনেরা একের পর এক ফোন করছেন। কেউ কেউ তো কাঁদছিলেনও। বিষয়টি খুবই বিরক্তিকর এবং বিব্রতকর।’
অভিনেতার পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
যারা এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে আবুল হায়াত বলেন, ‘যারা এসব খবর ছড়াচ্ছেন, তাদের প্রতি আমি খুবই বিরক্ত ও ক্ষুব্ধ। একজন জীবিত মানুষকে এভাবে মেরে ফেলা যায় না। এর ফলে শুধু ওই মানুষটিই নয়, তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও ভীষণ কষ্ট পান।’
এর আগেও বেশ কয়েকবার এই প্রবীণ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বারবার এমন ভুয়া খবর ছড়ানো এবং তা বিশ্বাস করে স্বজনদের আতঙ্কিত হয়ে ফোন করার বিষয়টি তাকে ও তার পরিবারকে দারুণভাবে ব্যথিত করে।
উল্লেখ্য, ১৯৬৯ সালে ‘ইডিপাস’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় যাত্রা শুরু করেন আবুল হায়াত। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা ও লেখালেখিতেও তিনি সমানভাবে সক্রিয়।





























