শারদীয় দুর্গাপূজায়ও মুক্তি পাচ্ছে না দীঘির ‘বিদায়’
- আপডেট সময় : ১২:১৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজায় মুক্তির গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘বিদায়’ সিনেমাটি মুক্তি পাচ্ছে না। সিনেমাটির একটি গানের শুটিং এখনো বাকি থাকায় মুক্তির পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমাটি গত বছর দুর্গাপূজায় মুক্তির কথা ছিল। কিন্তু পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এরপর চলতি বছরের কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন পরিচালক। তবে সেই সময় প্রযোজক শাহরিন আক্তার সুমি মুক্তির বিষয়ে সম্মতি দেননি।
সেপ্টেম্বরের শুরুতে নতুন করে গুঞ্জন ছড়িয়েছিল যে, এবারের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে ‘বিদায়’। তবে মুক্তির আগমুহূর্তে সিনেমাটির প্রচার-প্রচারণা শুরু না হওয়ায় বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়। শেষ পর্যন্ত প্রযোজক শাহরিন আক্তার সুমি সিনেমাটি পূজায় মুক্তি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, সিনেমাটি আগামী বছরের কোনো একসময় মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, ‘সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে না। আগামী বছরের কোনো একসময় মুক্তি দেওয়া হবে। একটি গানের শুটিং এখনো বাকি। দেশের বাইরে শুট করব গানটি।’
এর আগে জানা গিয়েছিল, ‘বিদায়’ সিনেমার কিছু অংশের শুটিংও বাকি রয়েছে। সেই কাজও কয়েক মাস ধরে ঝুলে আছে। কেন এতদিনেও শুটিং শেষ করা হয়নি—জানতে চাইলে প্রযোজক বলেন, ‘সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। তাই শুটিং নিয়ে তাড়াহুড়া করিনি। যেহেতু আগামী বছরই আসবে, তাই যে কোনো সময় শুটিং করা যাবে।’





























