বিয়ে নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট
- আপডেট সময় : ০৫:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। সম্প্রতি হঠাৎ করেই বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। গত জুলাই মাসে যুক্তরাজ্যের ওয়েলসে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে ঘরোয়া আয়োজনে খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা।
বিয়ের বিষয়টি এতদিন কেন আড়ালে রেখেছিলেন, এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, 'এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে। সত্যি বলতে, নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা পুরোপুরি সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই—ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।'
২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। নতুন সম্পর্কের পর ভালোবাসার ওপর বিশ্বাস ফিরে পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'ভালোবাসা বলতে আমি শুধু কাপল বা রোমান্টিক প্রেম বুঝি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় পরিবার, বন্ধুবান্ধব কিংবা পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনে একবার মন ভেঙে গেলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়—আর এটাই জীবনের মজা।'
জেনিফার ও উইলিয়ামের সম্পর্কের ইতিহাস বেশ পুরোনো। ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে প্রথমবারের মতো তাদের দেখা হয়। দীর্ঘ সময় পরিচিত থাকার পর ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন। থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় উইলিয়াম জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন। কয়েক বছরের সম্পর্কের পর চলতি বছরের জুলাইয়ে তাদের বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু হলো।





























