আজ জন্মদিন: বাংলা চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের বর্ণাঢ্য জীবন
- আপডেট সময় : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বাংলা চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও ‘মহানায়ক’খ্যাত অভিনেতা বুলবুল আহমেদের আজ জন্মদিন। ১৯৩৯ সালের এই দিনে পুরান ঢাকার আগামসি লেনে জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম ছিল তাবাররুক আহমেদ।
পরিবার থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহের বীজ বপন হয়েছিল। তার বাবা খলিল আহমেদ ছিলেন পাকিস্তানের অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি এবং একাধারে নাট্যকার ও অভিনেতা। পুরান ঢাকার নিজ বাসভবনে নিয়মিত নাটকের মহড়া হতো, যা কিশোর বয়সেই বুলবুলকে অভিনয়ের প্রতি আগ্রহী করে তোলে।
শিক্ষাজীবনে তিনি কলেজিয়েট স্কুল ও নটর ডেম কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে সিলেট এমসি কলেজে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিরকুমার সভা’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসা অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
পেশাগত জীবনের শুরুতে তিনি তৎকালীন ইউবিএল ব্যাংকের টিএসসি শাখায় প্রায় ১০ বছর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকের চাকরির পাশাপাশি তিনি অভিনয়ের ধারাও অব্যাহত রাখেন। ১৯৬৪ সালে আবদুল্লাহ আল মামুনের ‘বরফ গলা নদী’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিষেক হয়। এরপর তিনি ‘মালঞ্চ’, ‘মাল্যদান’, ‘বড়দিদি’, ‘আরেক ফাল্গুন’, ‘শেষ বিকেলের মেয়ে’ ও ‘ইডিয়েট’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেন।
১৯৭২ সালে ব্যাংকের চাকরি ছেড়ে তিনি পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। পরের বছর ‘ইয়ে করে বিয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। এরপর তিনি ‘অঙ্গীকার’, ‘ধীরে বহে মেঘনা’, ‘রূপালী সৈকতে’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্য কন্যা’ ও ‘জন্ম থেকে জ্বলছি’-সহ বহু দর্শকনন্দিত একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৭ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে তিনি জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছান।
দীর্ঘ ৪৪ বছরের ক্যারিয়ারে বুলবুল আহমেদ প্রায় ৩০০টি টিভি নাটক ও দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনায় তিনি সমান সফল ছিলেন। অসামান্য অবদানের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।





























