সেপ্টেম্বরে শুরু হচ্ছে মধুবালার বায়োপিক, নাম ভূমিকায় সারা অর্জুন
- আপডেট সময় : ০৬:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

বলিউডের কালজয়ী অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে বায়োপিক নির্মাণের গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত সিনেমার শুটিং। ছবিটিতে মধুবালার চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন, যিনি সম্প্রতি 'ধুরন্ধর' সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
সিনেমাটি পরিচালনা করছেন জসমিত কে রিন এবং এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয়লীলা বানসালি। মধুবালার বায়োপিকটির নাম এখনও চূড়ান্ত না হলেও, এতে এই কিংবদন্তি অভিনেত্রীর জীবনের নানা অজানা ও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে বলে জানা গেছে।
বর্তমানে সঞ্জয়লীলা বানসালি ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই সিনেমার কাজ প্রায় শেষের পথে। মিড ডে'র এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির মাত্র একটি গানের শুটিং বাকি রয়েছে, যা আগামী সপ্তাহে গোরেগাঁওয়ের রয়্যাল পামস প্রাসাদে সম্পন্ন হবে। আগামী বছরের ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই গানের শুটিং শেষ হওয়ার পরপরই বানসালির প্রোডাকশন টিম একই লোকেশনে মধুবালার বায়োপিকের সেট নির্মাণের কাজ শুরু করবে। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ক্যামেরা চালু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এদিকে, নাম ভূমিকায় অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন সারা অর্জুন। মধুবালার আচরণ, জীবনধারা এবং অভিনয় নিয়ে তিনি নিবিড়ভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন।




























