কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন যশ
- আপডেট সময় : ০২:৩৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দক্ষিণি তারকা যশের নতুন সিনেমা 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস' মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে। সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই যশ ও কিয়ারা আদভানির মধ্যকার ঘনিষ্ঠ দৃশ্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। এবার এই বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন যশ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এসব দৃশ্য দেখে তাঁর স্ত্রী ও অভিনেত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া কী ছিল।
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'আপ কী আদালত'-এ হাজির হয়ে যশ বলেন, এমন দৃশ্য নিয়ে যেকোনো দম্পতির মধ্যেই অস্বস্তি থাকা স্বাভাবিক। তিনি কোনো মিথ্যা না বলে স্বীকার করেন যে, সঙ্গীর মনে এমন অনুভূতি হওয়া মানবিক। তবে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, 'দিনের শেষে বুঝতে হবে, এটি অভিনয়। এটি একটি শিল্প, আর আমরা যে গল্পটি বলতে চাই, তার প্রয়োজনে এসব দৃশ্য এসেছে।'
যশ আরও জানান, ব্যক্তিগত পছন্দের কারণে নয়, বরং গল্পের প্রয়োজনেই তিনি নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে এসে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি নিজেকে স্বাভাবিকভাবে একজন সংরক্ষিত মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, অভিনেতা হিসেবে চরিত্রের চাহিদাকে গুরুত্ব দেওয়া জরুরি।
স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতিক্রিয়া প্রসঙ্গে যশ বলেন, যেহেতু রাধিকা নিজেও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তাই তিনি অভিনয় ও বাস্তব জীবনের পার্থক্য খুব ভালোভাবেই বোঝেন। যশের ভাষায়, 'রাধিকা জানে, পর্দায় যে মানুষটিকে দেখা যায়, তিনি চরিত্র। আর বাড়িতে যে মানুষটি থাকে, সে আমি। এই বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ।' তবে তিনি স্বীকার করেন, বোঝাপড়া থাকলেও আবেগের জায়গা থেকে অস্বস্তি পুরোপুরি দূর হওয়া কঠিন।
গীতু মোহনদাস পরিচালিত 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস' ছবিটি যশের 'কেজিএফ' সিরিজের পর অন্যতম বড় প্রকল্প। সিনেমাটিতে কিয়ারা আদভানির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। সিনেমাটি ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।




























