অডিও ফাঁসের পর চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের পদত্যাগ
- আপডেট সময় : ০৪:০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে বিকেলে হলে আসন বরাদ্দকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে তার বাগবিতণ্ডার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ওই অডিও রেকর্ডে শোনা যায়, রাশেদুল নামের এক ছাত্রদলকর্মীর জন্য হলে আসন বরাদ্দের সুপারিশ করছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তবে ওই শিক্ষার্থী বর্তমানে এমফিলের রানিং ছাত্র না হওয়ায় তাকে আসন দিতে অস্বীকৃতি জানান হল প্রভোস্ট। এ নিয়ে বিতণ্ডার একপর্যায়ে ছাত্রদল নেতা অভিযোগ করেন, হল প্রভোস্ট হলে শিবিরের ‘এস্টাবলিশমেন্ট’ তৈরি করেছেন এবং মেধাতালিকার বাইরে গিয়ে শিবিরের নেতাকর্মীদের আসন দিয়েছেন। এ সময় তিনি হলের সব আসন বরাদ্দের তালিকা প্রকাশের দাবি জানান। একই সঙ্গে হল প্রভোস্ট জামায়াত-শিবিরের চেয়ে বড় ক্যাডার কি না এবং উপাচার্য ও উপ-উপাচার্যের চেয়েও তিনি বড় কি না—এমন প্রশ্ন তুলতে শোনা যায় নোমানকে।
এদিকে অডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। তার দাবি, সংশ্লিষ্ট ওই শিক্ষার্থী মেধার ভিত্তিতে আগে থেকেই হলে আসন পেয়েছিলেন। মাস্টার্সের ফল প্রকাশের পর তার এমফিলে ভর্তির প্রক্রিয়া চলমান থাকায় তিনি আসনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন।
নোমান আরও বলেন, প্রভোস্ট বিষয়টি আমলে না নেওয়ায় তিনি প্রো-ভিসির কাছে যান। পরে প্রো-ভিসির সুপারিশ নিয়ে প্রভোস্টের কাছে গেলে ওই শিক্ষার্থীকে হল ছাড়তে বলা হয় এবং তার মা-বাবার সামর্থ্য নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি প্রভোস্টকে ফোন করে এমন আচরণের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে গত ৫ আগস্টের পর মেধার ভিত্তিতে এবং সুপারিশের মাধ্যমে কতটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে, তা প্রকাশের দাবি জানান তিনি। স্বচ্ছতা ও বৈষম্যমুক্ত হল নিশ্চিত করতে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তিনি সবসময় প্রশ্ন তোলার সাহস রাখবেন বলে পোস্টে উল্লেখ করেন নোমান।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০: ২৫ (01 September 2026, 00:25)





























