৩১ বছরের মধ্যে জাপানে সুদের হার সর্বোচ্চ
- আপডেট সময় : ০১:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব জাপান (বিওজে), সুদের হার বৃদ্ধি করে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে মোট ১ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। গত জুনের পর এটিই সুদের হারে প্রথম বৃদ্ধি, যার মাধ্যমে দীর্ঘ কয়েক দশক ধরে বজায় রাখা অতি-নিম্ন সুদের নীতি থেকে জাপান পুরোপুরি সরে আসার ইঙ্গিত দিচ্ছে।
দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং মজুরি বৃদ্ধির চাপ। জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ সংকট এবং অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। একইসঙ্গে জনসংখ্যা হ্রাসের ফলে শ্রমিক সংকট প্রকট হওয়ায় মজুরি বাড়ছে, যা জাপানের অর্থনীতিতে স্থায়ী কাঠামোগত চাপ তৈরি করেছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচের বোঝা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাধারণ ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে।
জাপানের এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধিরও প্রভাব রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুদের হারের ব্যবধান বেড়ে গেলে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়ে, যা আমদানি ব্যয় বাড়িয়ে মূল্যস্ফীতিকে আরও তীব্র করে তোলে। গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও তাদের সুদের হার আড়াই শতাংশে উন্নীত করেছে। এমন পরিস্থিতিতে ব্যাংক অব জাপানের গভর্নর কাজুও উয়েদা ভবিষ্যতে সুদের হার আরও কতটা বাড়াতে পারেন, সেদিকেই এখন নজর রাখছেন বাজার বিশ্লেষকরা।




























