দেশে তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার ৭৭টি
- আপডেট সময় : ০৮:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবের সংখ্যা ও আমানতের পরিমাণ উভয়ই বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোটি টাকার বেশি আমানত থাকা ব্যাংক হিসাবের সংখ্যা ৫ হাজার ৭৭টি বেড়েছে। একই সময়ে এসব হিসাবে আমানতের পরিমাণ ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, জুন মাস শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত হিসাবের সংখ্যা ছিল ১৮ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫৮৮টি। এর মধ্যে ১ কোটি থেকে ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫৬২টি। গত মার্চ শেষে এই সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। অর্থাৎ তিন মাসের ব্যবধানে নতুন করে ৫ হাজার ৭৭টি কোটিপতি হিসাব যুক্ত হয়েছে।
আমানতের পরিমাণ বিশ্লেষণে দেখা যায়, গত মার্চ শেষে কোটিপতি হিসাবগুলোতে মোট ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা জমা ছিল। জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৬৬০ কোটি টাকা। তবে সামগ্রিক আমানত বাড়লেও ব্যক্তি শ্রেণির হিসাবের চিত্র ভিন্ন। জুন শেষে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাব ছিল ৪০ হাজার ৭০১টি, যেখানে আমানত ছিল ৯০ হাজার ১৩১ কোটি টাকা। মার্চ শেষে এই সংখ্যা ছিল ৪০ হাজার ৬৩০টি, যেখানে আমানত ছিল ৯১ হাজার ৩৫২ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যক্তি শ্রেণির কোটিপতি হিসাব ৭১টি বাড়লেও আমানত কমেছে ১ হাজার ২২১ কোটি টাকা।
পরিসংখ্যান বলছে, আমানত বৃদ্ধির পুরো কৃতিত্ব প্রাতিষ্ঠানিক হিসাবগুলোর। সংশ্লিষ্টরা মনে করছেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। উচ্চ সুদহার এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগে না গিয়ে চলতি মূলধন ও ব্যবসায়িক লেনদেনের অর্থ ব্যাংকে জমা রাখছে। অব্যবহৃত এই অর্থ ব্যাংকে রাখার প্রবণতা বাড়ায় প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।





























