শিবালয়ে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস
- আপডেট সময় : ১০:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৮৫টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে প্রশাসন। পরে উদ্ধার করা এসব ক্ষতিকারক জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীর তেওতা ও জাফরগঞ্জ এলাকা জুড়ে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযান শেষে উদ্ধার করা জালগুলো আরিচা ঘাটের কাছে যমুনা নদীর তীরে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কার্যালয়, থানা-পুলিশ, নৌপুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। নদী থেকে সব ধরনের অবৈধ জাল অপসারণে দলগুলো একযোগে কাজ করে।
এ বিষয়ে শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী জানান, মা ইলিশের নিরাপদ বিচরণ ও ডিম ছাড়ার পরিবেশ বজায় রাখতে মৎস্য কার্যালয় ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কেউ জাল ফেললে বা ইলিশ শিকারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি স্থানীয় বাসিন্দাদের এতে সহযোগিতা করার আহ্বান জানান।



























