অযোগ্য মন্ত্রীদের কারণেই দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট: জামায়াত নেতা হেলাল
- আপডেট সময় : ০৪:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

অযোগ্য মন্ত্রীদের ব্যর্থতার কারণে দেশ আজ তীব্র তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এমন ব্যর্থতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় উল্লেখ করে তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় দেশের সাধারণ জনগণই সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠি শিল্পকলা একাডেমি হলরুমে দিনব্যাপী আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মু. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক।
রুকনদের উদ্দেশে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং পরকালই আমাদের আসল ঠিকানা। তাই প্রকৃত বুদ্ধিমানদের মতো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রুকনদের প্রাণপণ চেষ্টা করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত করার পাশাপাশি সংগঠনের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠনকে শক্তিশালী করার তাগিদ দেন তিনি।
সম্মেলনে অন্যান্য বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না বলে ঘোষণা দেওয়া হলেও ইতোমধ্যে কুরআন বিরোধী ‘হেবা আইন’ পাস করা হয়েছে। আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, সংবিধান হিসেবে কুরআনকে না মানার কথা বলে তিনি প্রকারান্তরে কুরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। দেশে ফ্যাসিবাদী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে বক্তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান।



























