নর্থ সাউথ গ্রীন সিটিতে সাংবাদিক সম্প্রীতি সোসাইটির ৬০ কাঠা জমি
- আপডেট সময় : ০৪:৪৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও ক্রমবর্ধমান আবাসন প্রতিষ্ঠান নর্থ সাউথ গ্রুপের ‘নর্থ সাউথ গ্রীন সিটি’ প্রকল্পে সাংবাদিক সম্প্রীতি সোসাইটির নামে ৬০ কাঠা (৩ বিঘা) জমির বুকিং ও চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ায় প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর শেষে নর্থ সাউথ কর্তৃপক্ষ সাংবাদিক সম্প্রীতি সোসাইটির সংশ্লিষ্টদের কাছে জমির মালিকানা দলিল হস্তান্তর করে। অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহবুবুল হোসেন খান, সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহফুজুর রহমান, দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক এবং গ্রুপের পরিচালক (প্রশাসন) কর্নেল (অব.) শফিউল আলম খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিক সম্প্রীতি সোসাইটির সদস্য, প্লট মালিক ও তাদের পরিবারের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় নর্থ সাউথ গ্রীন সিটি প্রকল্পের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত অগ্রগতি এবং প্লট মালিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। প্রকল্পের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, নর্থ সাউথ গ্রুপ ২০১৯ সাল থেকে আবাসিক, বাণিজ্যিক ও জমিসংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে। ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হচ্ছে। রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় বাস্তবায়নাধীন ‘নর্থ সাউথ গ্রীন সিটি’ প্রকল্পটি প্রতিষ্ঠানটির অন্যতম আবাসন প্রকল্প।



























