ফরিদপুরে সারের বাজার ও মজুত পরিস্থিতি তদারকি করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব
- আপডেট সময় : ১০:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পাবনার ফরিদপুর উপজেলায় সারের মজুত, সরবরাহ ও বাজারজাতকরণ পরিস্থিতি সরাসরি তদারকি করেছেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-৩ শাখার উপসচিব ড. মো. হারুনুর রশীদ। নিয়মিত সার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) তিনি উপজেলার ডেমরা বাজারের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও গোডাউন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিসিআইসি ডিলার মেসার্স কৃষ্ণপদ সাহা ট্রেডার্স এবং বিএডিসি ডিলার মেসার্স রায়হান বীজ ভাণ্ডারের বিক্রয়কেন্দ্র ও গোডাউনের সার মজুত ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে যাচাই করেন। এ সময় তিনি ডিলারদের সার আগমনী প্রতিবেদন, মজুত রেজিস্টার, বিক্রয় রেজিস্টার ও ক্যাশমেমো পর্যালোচনা করেন। বিক্রয় রেজিস্টারে থাকা তথ্যের সঙ্গে ক্যাশমেমোর তথ্য মিলিয়ে সার বিক্রয়ের প্রকৃত চিত্র যাচাই করা হয়।
মন্ত্রণালয়ের এই কর্মকর্তা শুধু ডিলারদের নথিপত্র যাচাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। তিনি জানুয়ারি ২০২৬ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সার আগমনের তথ্য যাচাই করেন এবং মজুত রেজিস্টার, বিক্রয় মেমো ও রেজিস্টারে থাকা কৃষকদের মোবাইল নম্বরে সরাসরি ফোন করে সার কেনার বিষয়ে খোঁজ নেন। সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলে সার প্রাপ্তি, মূল্য এবং বিক্রয় কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তিনি। এর মাধ্যমে ডিলার পর্যায়ের নথিপত্রের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির সামঞ্জস্য যাচাই করা হয়।
পরিদর্শন শেষে ফরিদপুর উপজেলার সার মজুত ও বিতরণ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ড. মোঃ হারুনুর রশীদ। তিনি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে ডিলারদের সরকারি বিধিবিধান ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সতর্ক থাকার পরামর্শ দেন। পরিদর্শনকালে ফরিদপুর উপজেলা কৃষি অফিসার আল ইমরান, কৃষি সম্প্রসারণ অফিসার আকাশ কুমার পোদ্দার এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























