কিশোরগঞ্জের হাওরে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে গাজীপুরের আইনজীবী নিহত
- আপডেট সময় : ১১:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা ছিলেন।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, সকালে নয়জন আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে এসেছিলেন। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে অটোরিকশায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আইনজীবী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। এ ঘটনায় গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে মহসীন রেজা সরকারসহ আরও এক আইনজীবী রয়েছেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




























