ভৈরবে ১৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৪:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি রিংজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব পৌর শহরের পঞ্চবটী-ঘোড়াকান্দা এলাকায় হাজী আবুল হাসেমের বাড়িতে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। অবৈধ জাল মজুদের দায়ে টুটুল দাস (২২) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চবটী-ঘোড়াকান্দা এলাকার ওই বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে একটি গোডাউনে মজুদ করে রাখা ২২ বস্তা অবৈধ চায়না দুয়ারি রিংজাল উদ্ধার করা হয়। মৎস্য বিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত বস্তাগুলোতে মোট ৪৪০ পিস রিংজাল ছিল। এ সময় অবৈধ জাল ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে টুটুল দাসকে আটক করা হয়। আটক টুটুল ভৈরব বাজারের এস কে টাওয়ারে অবস্থিত মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রানার অধীনে কর্মরত বলে জানা গেছে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক আটক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত ২২ বস্তা জাল সকলের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই অভিযানে উপজেলা মৎস্য ও ভূমি অফিসের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি, রিংজাল এবং কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে যারা এই জাল মজুদ, বিক্রি বা ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর রিংজাল জব্দ করা হয়েছে। এই অবৈধ জালগুলো আমাদের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মাছ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



























