রায়গঞ্জে জুলাই আন্দোলনে শহীদ নজরুলের স্মরণে সড়ক উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী ঢাকায় প্রাণ হারানো রিকশাচালক নজরুল ইসলামের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই ব্যতিক্রমী উদ্যোগটি বাস্তবায়িত হয়। নিহত নজরুল ইসলাম রায়গঞ্জ উপজেলার বারইভাগ গ্রামের বাসিন্দা ছিলেন।
সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ নজরুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালাতেন। দেশের ক্রান্তিলগ্নে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে যোগ দেন এবং সেখানে জীবন উৎসর্গ করেন। তার এই মহান আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। নতুন প্রজন্মের কাছে নজরুলের বীরত্বগাথা ও স্মৃতি টিকিয়ে রাখতে এই সড়কটির নামকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম এবং বিএনপি নেতা আলী আকবর খান স্বপন। এছাড়া আরও বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান গাজী আনিছুর রহমান, মুনজুরুল হাসান, ফরিদুল ইসলাম ও আব্দুল ওহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




























