কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শাহাবউদ্দিন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার সুরইঘাট এলাকায় অটোরিকশার সিরিয়াল নির্ধারণ নিয়ে দুই চালকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরেই মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে শাহাবউদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



























