শিক্ষা খাতের তথ্য আদান-প্রদানে ইসির সঙ্গে বৈঠক রোববার
- আপডেট সময় : ০৭:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

শিক্ষা খাতের তথ্য-উপাত্ত আদান-প্রদান এবং আন্তঃসংযোগ বা ডাটা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (১৮ অক্টোবর) নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সভাপতিত্ব করবেন।
নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহ. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) প্রতিনিধি দলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বৈঠকটি ১৮ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।
বর্তমানে এনআইডি নিবন্ধন বা তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের জমা দেওয়া নথিপত্র ম্যানুয়ালি যাচাই করতে হয়। স্বয়ংক্রিয় যাচাইব্যবস্থার অভাবে অনেক সময় জাল কাগজপত্র, ভুয়া শিক্ষা সনদ, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সনদ ব্যবহারের মাধ্যমে প্রতারণার সুযোগ থাকে। এতে আবেদন নিষ্পত্তি করতে দীর্ঘ সময় নষ্ট হয় এবং অনেক আবেদন বাতিল হয়ে যায়।
এই জটিলতা মোকাবিলায় পাসপোর্ট, শিক্ষা সনদ ও জন্মনিবন্ধনসহ সরকারি ৯টি প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের সঙ্গে এনআইডি সিস্টেমকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে ইসি। এরই অংশ হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে। এপিআই (API) সুবিধা চেয়ে এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যুনিবন্ধন শাখা এবং আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদফতরকে চিঠি দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার প্রাথমিক শিক্ষা অধিদফতর ও ব্যানবেইসের সঙ্গে এই বৈঠক হতে যাচ্ছে।

























