আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী
- আপডেট সময় : ০৩:৩২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি স্পষ্ট করেছেন যে, ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার কোনো ধরনের পুনরাবৃত্তি করা যাবে না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে হান্নান শাহ স্মৃতি সংসদ।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, সাধারণ ভোটাররা যেন বিএনপির নেতাকর্মীদের অত্যন্ত সহনশীল হিসেবে দেখেন। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা দেশ থেকে টাকা ও মানুষের জায়গা লুট করেছে, এমনকি গোয়ালঘরের গরু পর্যন্ত দখল করেছে। অরাজকতা সৃষ্টি করে তারা লুটপাটের যে রাজত্ব কায়েম করেছিল, বিএনপি সেই পথে হাঁটবে না। তিনি তৃণমূল পর্যায়ের কর্মীদের সরকারের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, পদ-পদবির দিকে না তাকিয়ে সবাইকে সহিষ্ণুতার সঙ্গে কাজ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। সরকারের ভাবমূর্তি রক্ষায় সারের ডিলার বা ঠিকাদারি পাওয়ার মতো ক্ষুদ্র স্বার্থের চেয়ে দলের বড় অর্জনকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা নাশকতা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। তাই নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে পূজা কমিটির সঙ্গে আলোচনা করে পাহারার ব্যবস্থা এবং নজরদারি নিশ্চিত করতে তিনি দলীয় কর্মীদের স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে ডিজেল আমদানিতে সংকট দেখা দিয়েছে, যা শীতকালীন শাকসবজি ও রবিশস্য উৎপাদনের জন্য জরুরি। সরকার এ সংকট মোকাবিলায় কাজ করছে। তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করে তিনি বলেন, এক সময় মিল-কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু এখন রান্নাঘরের চুলা আবার জ্বলতে শুরু করেছে।
স্মরণসভায় আ স ম হান্নান শাহের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে অগ্নিগর্ভ ব্যক্তিত্ব ছিলেন। ওয়ান-ইলেভেনের সময়সহ দেশের বিভিন্ন সংকটে তিনি দলের হাল ধরেছিলেন এবং কারাবন্দি অবস্থায়ও কর্তব্যনিষ্ঠা থেকে বিচ্যুত হননি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংসদ সদস্য ফজলুল হক মিলন এবং পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।





























