জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহিত প্রকল্প এবং ভবিষ্যতের লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার অনেকগুলো প্রকল্প গ্রহণ ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা অর্জনের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হবে। তবে এটি জনগণের অর্থ। তাই প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, সেদিকে কর্মকর্তাদের বিশেষ মনোযোগ দিতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার একটি বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। তিনি বলেন, আল্লাহ আমাদের দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। যার যতটুকু দায়িত্ব পালনের সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না, তাই যে যখন যে দায়িত্বে আছেন, তাকে সেই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সভার শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা অব্যাহত থাকবে এবং পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উক্ত সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























