কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের গোডাউন লুট ও দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৪:১৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের গোডাউন ভেঙে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট ও জায়গাটি টিন দিয়ে ঘিরে দখলের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী হাফিজুর রহমান হাফিজ (৫০) জানিয়েছেন।
ভুক্তভোগী হাফিজুর রহমান ও অভিযুক্ত সহিদুল ইসলাম লিটন আপন ভাই এবং তাদের বাবা মৃত মোহাম্মদ রোস্তম আলী। পরিবারে পাঁচ ভাই ও চার বোন রয়েছেন। হাফিজুর রহমানের দাবি, ১৯৭৮ সালে তিনি সংশ্লিষ্ট জমিটি ক্রয় করেন এবং খারিজ-খাজনা পরিশোধের মাধ্যমে দীর্ঘ সময় ধরে ভোগদখল করে আসছেন। তবে একই দাগ-খতিয়ানের জমি নিয়ে ছোট ভাই লিটনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে লিটন জমির মালিকানা দাবি করে বিরোধপূর্ণ জায়গার সড়কসংলগ্ন অংশে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছিলেন। পরবর্তীতে পারিবারিক চাপে ও সিদ্ধান্তে সেই দেয়াল সরিয়ে নেওয়া হলেও কয়েক দফায় আয়োজিত পারিবারিক সালিশ-বৈঠকে বিরোধের কোনো নিষ্পত্তি হয়নি।
হাফিজুর রহমানের অভিযোগ, শনিবার সকালে লিটন লোকজন নিয়ে তার গোডাউনটি ভেঙে ফেলেন। এ সময় গোডাউনে থাকা লোহার রড, প্লাস্টিক, পাইপ, দরজা, শাটার ও অ্যাঙ্গেলসহ প্রায় ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যাওয়া হয়। এরপর জায়গাটি টিন দিয়ে ঘিরে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোডাউন ভাঙা ও মালামাল সরিয়ে নেওয়ার বিষয়টি দেখতে পান হাফিজুর রহমান, যার এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
স্থানীয় একাধিক ব্যক্তির মতে, বড় ভাই হাফিজুর রহমান স্থানীয় নিষিদ্ধ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে ছোট ভাই সহিদুল ইসলাম লিটন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সাথে সম্পৃক্ত। এলাকাবাসীর অভিযোগ, লিটন পেশিশক্তির ব্যবহার করে জায়গাটি দখল করেছেন। নজরুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি জানেন বিরোধপূর্ণ জমিটি হাফিজুরের বাবা তাকে দলিল করে দিয়েছিলেন। এছাড়া হাফেজ আলী ও আজিজুল ইসলাম নামে আরও দুই ব্যক্তি জানান, জমিটি হাফিজুর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে সহিদুল ইসলাম লিটনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানান, দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।



























