সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল আদালতের
- আপডেট সময় : ০৫:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নির্ধারিত দিনে প্রতিবেদন আদালতে জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।
মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন সময় নির্ধারণ করেন। বিষয়টি প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম নিশ্চিত করেছেন।
সালমান শাহ হত্যা মামলার এজাহারে তার স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর আগে, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম এই মামলাটি দায়ের করেন। দীর্ঘ সময় ধরে সালমান শাহর মৃত্যু নিয়ে বিভিন্ন আলোচনা ও প্রশ্ন রয়েছে। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরিবারের পক্ষ থেকে সবসময়ই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।
এদিকে মামলার তদন্ত চলাকালীন অভিনেতা আশরাফুল হক ডনের গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় আসে। গত ৯ আগস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। সিআইডি পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় এবং রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।





























