চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার
- আপডেট সময় : ০৮:০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেহেদী শাহরিয়ার। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়ে নিজের দায়িত্বভার বুঝে নেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত এসপি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মেহেদী শাহরিয়ার যশোর জেলার স্থায়ী বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে তার কর্মজীবন শুরু হয়। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গায় আসার আগে তিনি স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি চুয়াডাঙ্গার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হয়েছেন। রুহুল কবীর খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন পুলিশ সুপারকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাসসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মেহেদী শাহরিয়ার চুয়াডাঙ্গার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে জেলা পুলিশের কার্যক্রমকে আরও বেশি পেশাদার, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



























