জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
- আপডেট সময় : ১১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের সফল অংশগ্রহণ ও বিশ্ব পরিসরে দেশের অঙ্গীকার তুলে ধরার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ বিষয়ে প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সফরে প্রধানমন্ত্রী মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি সাতটি উচ্চ-পর্যায়ের সভায় বক্তব্য রাখেন। এছাড়া ১১টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর ফলপ্রসূ বৈঠক হয়েছে।
মন্ত্রিসভা উল্লেখ করেছে যে, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করার ঘটনাটি বিশ্ব ইতিহাসের প্রেক্ষাপটে এক অনন্য দৃষ্টান্ত। এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯৩ সালের ১ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম অধিবেশনে ভাষণ দেন। মন্ত্রিসভার মতে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এই অংশগ্রহণ দেশের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ এবং এটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























