অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

অপতথ্য ও অসত্য তথ্যের ক্রমবর্ধমান বিস্তার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে বাংলাদেশসহ বিশ্বের সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে তথ্য কমিশনের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ; অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা’।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্যের সহজলভ্যতা থাকলেও সঠিক তথ্যের পাশাপাশি অপতথ্য ও অসত্য তথ্যের বিস্তার বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি তথ্যের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলভাবে তথ্য পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য জানার অধিকার সবার আছে, তবে সেই তথ্য অবশ্যই সঠিক ও নির্ভরযোগ্য হতে হবে। ভুল ও অসত্য তথ্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার, লাইক বা কমেন্ট করার আগে যাচাই-বাছাই করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় মানুষ নিজের অজান্তেই যাচাই না করে অপতথ্য প্রচার করেন। তিনি গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে তথ্য ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমপারসোনেশন, ভুয়া পরিচয় এবং এআই প্রযুক্তির অপব্যবহার করে মানুষের ছবি ও পরিচয় ব্যবহার করে মানহানি ও হেয়প্রতিপন্ন করার বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি সতর্ক করে বলেন, এখন থেকেই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অপতথ্য, অসত্য তথ্য এবং এআইয়ের অপব্যবহার ভবিষ্যতে বিশ্বকে বড় ধরনের হুমকির মুখে ফেলতে পারে। অপতথ্যের কারণে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সামাজিক ও পারিবারিক সম্পর্কে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও তিনি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুমন রহমান। সভায় বক্তারা ডিজিটাল মাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা, অপতথ্য প্রতিরোধ, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন এবং এআইয়ের অপব্যবহার মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


























