হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
- আপডেট সময় : ০১:৫৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফভি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম ফার্স ও তাসনিম নিউজ এজেন্সিতে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ ইরান অব্যাহত রাখবে।
মেজর জেনারেল সাফভি দাবি করেন, হরমুজ প্রণালি ব্যবস্থাপনার কৌশল নিয়ে ইরান ও ওমানের মধ্যে যৌথ সমঝোতা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে ওই প্রক্রিয়ায় কৃত্রিম বাধা সৃষ্টি হয়েছে। এর আগে এই জলপথের ব্যবস্থাপনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে এবং উভয় দেশই যৌথ সমাধানের চেষ্টা চালিয়ে আসছিল।
ইরানের এই সামরিক উপদেষ্টা বলেন, পারস্য উপসাগরের সঙ্গে লোহিত সাগর এবং হরমুজ প্রণালির সঙ্গে বাব আল-মান্দেব প্রণালির সামরিক ও কৌশলগত সংযোগ তৈরি হওয়া পুরো অঞ্চলের যুদ্ধের প্রেক্ষাপট বদলে দিতে পারে। এ সময় তিনি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসা করে বলেন, তারা নিজস্ব রণকৌশল ও লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এবং অস্ত্র উৎপাদনে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে।
ভিডিও বার্তায় সাফভি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর পুনরায় সামরিক হামলা চালায়, তবে এই যুদ্ধের প্রভাব পারস্য উপসাগর ও লোহিত সাগর ছাড়িয়ে ভারত মহাসাগর এবং এর দূরবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়বে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানে দীর্ঘদিন ধরেই মতপার্থক্য রয়েছে। ইরান প্রণালির ব্যবস্থাপনায় নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ধরে রাখার পক্ষে অবস্থান নিলেও যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় কয়েকটি দেশ এই ব্যবস্থার বিরোধিতা করে আসছে।



























