সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল
- আপডেট সময় : ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সরকারি ব্যবস্থাপনায় ব্রুনেইয়ে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ২৭৯ জন পুরুষ কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
বিভিন্ন নির্মাণ ও কারিগরি খাতে এই জনবল নেওয়া হবে। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিওয়াই কনস্ট্রাকশনে ১ জন নির্মাণশ্রমিক এবং লেম্যান এন্টারপ্রাইজে ১ জন এসি টেকনিশিয়ান নিয়োগ পাবেন, যাদের মাসিক বেতন হবে ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭ হাজার ৮৬৬ টাকা)। এছাড়া হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডিতে ১ জন খামারশ্রমিক দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯২৯ টাকা) মজুরিতে কাজ পাবেন।
সবচেয়ে বড় নিয়োগটি হবে সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডিতে। এখানে ১৮৫ জন নির্মাণশ্রমিক, ৫ জন প্লাম্বার, ২ জন রাজমিস্ত্রি, ৩ জন ফোরম্যান, ৫ জন ড্রাফটম্যান, ৫ জন ওয়েল্ডার, ৫ জন ইলেকট্রিশিয়ান, ৫ জন কাঠমিস্ত্রি, ৩ জন ক্লাস-৩ ড্রাইভার, ৩ জন ট্রাক ড্রাইভার, ৩ জন ভারী যানবাহনচালক, ১ জন সুপারভাইজার, ১ জন অপারেটর এবং ১ জন টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। এই প্রতিষ্ঠানের অধিকাংশ পদের দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার (প্রায় ১ হাজার ৯২৯ টাকা)। তবে অপারেটর ও টেকনিশিয়ান পদের কর্মীরা দৈনিক ২১ ব্রুনেই ডলার (প্রায় ২ হাজার ২৫ টাকা) মজুরি পাবেন।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডিতে ২০ জন নির্মাণকর্মী, ৪ জন শ্রমিক ও ৫ জন গ্রাস কাটার নিয়োগ পাবেন দৈনিক ২০ ব্রুনেই ডলার মজুরিতে। বিএমএম এসডিএন বিএইচডি দৈনিক ২০ ব্রুনেই ডলার মজুরিতে ৩ জন সাধারণ শ্রমিক নেবে। এবিডি এসডিএন বিএইচডিতে দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২ হাজার ১২২ টাকা) মজুরিতে ৩ জন ইলেকট্রিশিয়ান ও ২ জন ফোরম্যান নিয়োগ দেওয়া হবে। আলওয়ালি এসডিএন বিএইচডিতে মাসিক ৬০০ ব্রুনেই ডলার বেতনে ৫ জন শ্রমিক এবং এমডি রাফি কনস্ট্রাকশনে দৈনিক ২০ ব্রুনেই ডলার মজুরিতে ৪ জন ভারী যানবাহন চালক নিয়োগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রাথমিকভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ও আনুষঙ্গিক ফি পরিশোধ করতে হবে। দক্ষ কর্মীদের জন্য এই খরচ ৫৬ হাজার ৩৫০ টাকা এবং আধা দক্ষ বা অদক্ষ কর্মীদের জন্য ৪৪ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখায় পে-অর্ডার করে তার মূল কপি বোয়েসেলে জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের থাকা, খাওয়া এবং বিমানভাড়ার যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা কোম্পানি বহন করবে। এছাড়া ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী চিকিৎসা, বিমা, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে। প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে এই কর্মী নিয়োগ দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। কর্মীদের প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে।




























