জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাত, নিহত ২ ও নিখোঁজ ৪
- আপডেট সময় : ০৮:৪৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জাপানের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে অন্তত দুজন নিহত এবং চারজন নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে দেশটির বিমান, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৯ হাজারেরও বেশি পরিবারের সদস্য।
দুর্যোগ পরিস্থিতি অনুযায়ী, গত রবিবার ও সোমবার জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং ইজু দ্বীপপুঞ্জে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। কিছু কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর ফলে কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোসুকা এবং চিবা প্রিফেকচারের সোদেগাউরায় বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। বিশেষ করে ইজু দ্বীপপুঞ্জের ওশিমা দ্বীপে সোমবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) ইজু দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ ৫ স্তরের সতর্কতা জারি করেছে। এছাড়া টোকিওর কিছু অংশসহ চিবা, কানাগাওয়া, ইবারাকি, মিয়াগি এবং ইজু দ্বীপপুঞ্জের অন্যান্য এলাকায় ৪ নম্বর স্তরের সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন (কেএইচবি-টিভি) মঙ্গলবার ভোরে জানায়, টোকিও ও এর আশপাশের এলাকার ১৬ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টাইফুনের প্রভাবে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইনসের (জেএএল) প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। কিছু কিছু রেল ও সড়ক পথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে চলমান এশিয়ান গেমসেও। মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিতব্য অশ্বারোহণের অল-অ্যারাউন্ড ইভেন্টটি ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকালের দিকে টাইফুন দুজুয়ান জাপানের পূর্ব উপকূলের সমুদ্রে অবস্থান করছিল এবং এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। তবে কান্টো অঞ্চল ও ইজু দ্বীপপুঞ্জে দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টির কারণে এখনও ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। তাই স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ১৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ২২



























