হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিননামা দাখিল করলেন এমপি গাজী নজরুল
- আপডেট সময় : ০৩:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই জামিননামা জমা দেন। এর আগে গত ১০ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ তাকে এই মামলায় আট সপ্তাহের আগাম জামিন প্রদান করেছিলেন।
মামলাটির বাদী সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। গত ২১ জুলাই পল্লবী থানায় দায়ের করা এই মামলায় মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গাজী নজরুল ইসলাম ছাড়াও মামলায় আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থাকতেন এবং নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। পারিবারিক সূত্রে ওই বাসায় সংসদ সদস্যের যাতায়াত ছিল। ওবায়দুরের ভাগনির সঙ্গে নজরুল ইসলামের সম্পর্কের বিষয়টি জানতে পেরে ওবায়দুর তার পরিবারকে অবহিত করেন এবং এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ জানান। এজাহারে অভিযোগ করা হয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য তাকে প্রাণনাশের হুমকি দেন।
এছাড়া মামলার বিবরণে আরও বলা হয়, নজরুল ইসলামের সঙ্গে ওই তরুণীর কিছু ব্যক্তিগত ভিডিও একটি চক্রের হাতে চলে যাওয়ার পর তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এই ভিডিওগুলো ওবায়দুরই ধারণ করে ওই চক্রের কাছে দিয়েছেন বলে সন্দেহ থেকে তার ওপর হামলা চালানো হয়। বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই আমিনুর রহমান কৌশলে তাকে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে উপস্থিত অন্য আসামিরা তাকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে আমিনুর তাকে মেঝেতে ফেলে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। ওবায়দুরের মা ও ছোট বোন চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় ওবায়দুরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর তাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। হাইকোর্ট জামিন দেওয়ার সময় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যও নির্দেশনা দিয়েছিলেন।

























