সিরাজগঞ্জে ঝটিকা মিছিল, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে মহাসড়কে ঝটিকা মিছিল করার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল করেন। স্বল্প সময়ের এই মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
গ্রেফতারকৃতরা হলেন শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহান শেখ সুজন, শহর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি সাজ্জাদ হোসেন শুভ এবং নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক হেদায়ুত ইসলাম। তাদের মধ্যে সোহান শেখ সুজন পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার লিটন শেখের ছেলে, সাজ্জাদ হোসেন শুভ দিয়ার ধানগড়া মহল্লার আলমগীর হোসেনের ছেলে এবং হেদায়ুত ইসলাম কালিবাড়ী মহল্লার শেখ মামুনের ছেলে।
সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, ঘটনার পর বিশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। ওসি নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ওইদিনের মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের বিশেষ অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে।


























