যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের দাবিতে রিট
- আপডেট সময় : ০২:২২:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ রিটটি দায়ের করেন।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আবেদনকারী উল্লেখ করেন, দেশের চলচ্চিত্র ও নাটক শিল্পে মাত্রাতিরিক্ত প্রেম ও রোমান্টিক কনটেন্টের একচেটিয়া প্রচার সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। মূলধারার নাটকে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং অনৈতিক আচরণকে স্বাভাবিকভাবে উপস্থাপন করায় সমাজে ধর্ষণ ও ব্যভিচারের মতো সামাজিক ব্যাধি বাড়ছে। এর ফলে শিক্ষার্থী ও যুবসমাজ পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে, যা জাতীয় মেধা বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে রিটে বলা হয়েছে, লাগামহীন ও উসকানিমূলক বিনোদন কনটেন্ট তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক বিকাশ ব্যাহত করে এবং নারীর প্রতি সহিংসতা উসকে দেয়। রিট আবেদনে আরও অভিযোগ করা হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩’-এর ৫(২) ও ৮(১) ধারা এবং ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’-এর ১৯ ও ২০ ধারায় সামাজিক মূল্যবোধবিরোধী সম্প্রচার বন্ধের বাধ্যবাধকতা থাকলেও বিবাদীরা তা পালনে অবহেলা করছেন।
প্রেমভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি যুবসমাজের মেধা বিকাশ ও দেশপ্রেম জাগ্রত করতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষা ভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচারে রাষ্ট্রীয় বাধ্যবাধকতা জারির নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এর আগে ২৭ আগস্ট এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রতিকার চেয়ে এই রিট দায়ের করা হয়।


























