বিদ্যুৎ সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: রিজভী
- আপডেট সময় : ০২:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

দেশের বিদ্যুৎ খাতে একের পর এক কারিগরি ত্রুটি ও বিভিন্ন ঘটনার কারণে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে, বিদ্যুৎ পরিস্থিতি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে কি না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এই অভিযোগ তুলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় রিজভী বলেন, যেখান থেকে বিদ্যুৎ আসে, সেই ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি ইউনিট নষ্ট হওয়ার ফলে সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, এর পেছনে কোনো রহস্য, নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না।
রিজভী আরও বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা পরিশোধের চেষ্টা করছে এবং ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী পাওনাও দিচ্ছে, তবুও কেন বারবার কারিগরি ত্রুটি হচ্ছে বা ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে—তা নিয়ে জনমনে সংশয় বাড়ছে। এছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দল হঠাৎ উঁকি মারার চেষ্টা করছে, কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো কী করছে তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
এর আগে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রিজভী। মহিলা দলের নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এবং আমরা সবাই সরকারের অংশ। তিনি আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদসহ দলের অন্যান্য নারী নেত্রীদের অতীতের কারাবরণ, রিমান্ড, নির্যাতন এবং গ্রেপ্তারের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, কীভাবে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো এবং মাসের পর মাস কারাগারে আটকে রাখা হতো, তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় ওই সমাবেশের পর নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।





























