সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল ৫টি আবেগঘন চিরকুট
- আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সমকালের বরিশাল কার্যালয়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে তার নিজের হাতে লেখা আবেগঘন পাঁচটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করা হয়েছে। চিরকুটগুলো তিনি তার স্ত্রী, কন্যা, ছোট ভাই, সহকর্মী এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উদ্দেশে লিখে গেছেন। ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা ১৫ মিনিটে এই ঘটনার বিস্তারিত তথ্য জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মে মাসে সমকাল কর্তৃপক্ষ পুলক চ্যাটার্জিকে চাকরিচ্যুত করে। এরপর থেকেই তিনি তীব্র হতাশায় ভুগছিলেন। তবে চাকরি চলে গেলেও সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী তার প্রতি সম্মান দেখিয়ে অফিসের একটি চাবি দিয়ে রেখেছিলেন, যাতে তিনি যখন খুশি সেখানে এসে বসতে পারেন। সে অনুযায়ী শুক্রবার কোনো এক সময়ে পুলক চ্যাটার্জি অফিসে আসেন। সন্ধ্যায় সুমন চৌধুরী অফিসে এসে দেখেন, বাইরে থেকে তালা খোলা থাকলেও ভেতর থেকে দরজা আটকানো। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের সহকর্মী ও বাড়ির মালিককে জানান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় পুলকের মরদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া চিরকুটগুলোর একটিতে স্ত্রী প্রিয়াঙ্কা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে পুলক লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিও। পৃথিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃতি, তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াঙ্কা, আমার অনুপস্থিতি তোমার জীবনে পূরণ হবার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সাথে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।’
ভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশে লেখা চিরকুটে তিনি লিখেছেন, ‘বিদায়। প্রিয়াঙ্কা ও প্রকৃতিকে আগলে রাখিস। তোর ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। মুক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসাবের বিষয়ে দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াঙ্কা ও প্রকৃতিকে তোর কাছে রাখিস।’
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশে পুলক লিখেছেন, ‘জাকির বিদায়। তোমার সঙ্গে আমার অনেক স্মৃতি। আমার মরদেহ হয়রানি ছাড়া পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম, তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌদি ও প্রকৃতির মাঝে মাঝে খোঁজ নিও।’
দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘সুমন, বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। এক সঙ্গে প্রায় দেড় যুগ কাজ করেছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। যদি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বৌদির হাতে দিও।’ এছাড়া প্রশাসনের উদ্দেশেও তিনি একটি পৃথক চিরকুট লিখে গেছেন।
পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে বরিশালের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পুলক চ্যাটার্জি।



























