গঙ্গাচড়ায় জিপিএ-৫ পাওয়া ১৩৬ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
- আপডেট সময় : ০২:৪৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গঙ্গাচড়া উপজেলা শাখা। শুক্রবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, প্রকাশনা ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
গঙ্গাচড়া পূর্ব থানা শাখার সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া পশ্চিম থানা শাখার সভাপতি মোকাররাবিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিসুর রহমান।
আনিসুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির কেবল রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণ ও তাদের নিয়ে গঠনমূলক পরিকল্পনা করা সংগঠনের নিয়মিত কাজের অংশ। জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান তারই একটি দৃষ্টান্ত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফলই সাফল্যের চূড়ান্ত ধাপ নয়। এর পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধ অর্জন করতে হবে এবং চরিত্র গঠনে সমান গুরুত্ব দিতে হবে।
সংসদ সদস্য রায়হান সিরাজী শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ ও আগামী দিনের কান্ডারি হিসেবে অভিহিত করে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নীতি ও নৈতিকতার সঙ্গে চলতে হবে। তিনি শিক্ষার্থীদের আরও বলেন, ভবিষ্যতে যারা ইন্টারমিডিয়েট বা আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাবে, তাদের মধ্য থেকে অনুমতি সাপেক্ষে সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন।
অনুষ্ঠানে নুসরাত জাহান ও মুবিন নামে দুইজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভালো ফলাফল ধরে রাখতে উৎসাহিত করবে। অভিভাবক ইসরাত জাহান এমন আয়োজনের জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও রংপুর জেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা নায়েবুজ্জামান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রেজাওয়ানুল হক, রংপুর জেলা শিবিরের সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন এবং ডা. মেহেদী হাসান। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির তাজ উদ্দিন ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সাজু আহমেদ লালসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।




























