জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন ড. খলিলুর রহমান
- আপডেট সময় : ০৩:৩৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ড. খলিলুর রহমান আজ মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকাল ৩টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নতুন এই অধিবেশনের প্রথম প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাধ্যমেই শুরু হবে ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম, যেখানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি এই গুরুত্বপূর্ণ বিশ্বমঞ্চের সভাপতির দায়িত্ব পালন করবেন।
জাতিসংঘের দাপ্তরিক সূচি অনুযায়ী, ৮ই সেপ্টেম্বর বিকাল ৩টায় ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনের প্রথম এজেন্ডা হিসেবে নতুন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এরপর হলের উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবেন। এছাড়া উদ্বোধনী দিনের আলোচ্যসূচির মধ্যে রয়েছে জাতিসংঘের ব্যয় বণ্টনে সদস্য দেশগুলোর চাঁদার হার নির্ধারণ এবং ক্রেডেনশিয়ালস কমিটির সদস্য নিয়োগের বিষয়টি।
এর আগে জাতিসংঘের ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জার্মানির আনালেনা বেয়ারবক। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সকাল ১১টায় তার সভাপতিত্বে ৮০তম অধিবেশনের সমাপনী কার্যক্রম সম্পন্ন হবে। এর ঠিক চার ঘণ্টা পর ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন ড. খলিলুর রহমান, যা বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১টায় শুরু হওয়ার কথা।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকেই ড. খলিলুর রহমান জাতিসংঘের এই মর্যাদাশীল পদে দায়িত্ব পালন করবেন। সরকারের অনুমোদন সাপেক্ষে তিনি এই দায়িত্ব নিয়েছেন এবং এজন্য গত ৩০শে আগস্ট রাতে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রথম দফায় তিনি প্রায় ৫২ দিন নিউ ইয়র্কে অবস্থান করবেন এবং আগামী ২২শে অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের এই শীর্ষ পদে বাংলাদেশের আসীন হওয়া এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ এই গৌরব অর্জন করল। এর আগে ১৯৮৬ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনিও পররাষ্ট্রমন্ত্রী পদে থেকেই এই দায়িত্ব পালন করেছিলেন।
চলতি বছরের জুনে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক গোপন ব্যালট ভোটে ড. খলিলুর রহমান প্রেসিডেন্ট নির্বাচিত হন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রার্থী হিসেবে তিনি ৯৯টি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি ভোট। মোট ১৯০টি ভোটের মধ্যে মাত্র আট ভোটের ব্যবধানে এই কঠিন প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে ও পরে ড. খলিলুর রহমান সবার জন্য পূর্ণকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ করার এবং বহুপক্ষীয় ব্যবস্থায় আস্থা ও সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন।
এদিকে, জাতিসংঘে বাংলাদেশের এই গৌরবময় সময়ে সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হতে যাচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪শে সেপ্টেম্বর এই অধিবেশনে ভাষণ দেবেন বলে নির্ধারিত রয়েছে। এই সফরে অংশ নিতে আগামী ২১শে সেপ্টেম্বর তিনি ঢাকা ছাড়তে পারেন।

























