বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার ডাক দিলেন শফিকুর রহমান
- আপডেট সময় : ০১:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার ডাক দেন। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
ডা. শফিকুর রহমান বলেন, আপনারা প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। আমরা আসছি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে। তিনি দাবি করেন, ছয় দফা ১১ দলের কোনো ব্যক্তিগত দফা নয়, বরং এগুলো দেশের জনগণের দফা। তিনি আরও বলেন, এটি ঈদের পরের কোনো আন্দোলন নয়। চট্টগ্রামকে আন্দোলনের সূতিকাগার হিসেবে অভিহিত করে তিনি জানান, সরকার তাদের রাজপথে আসতে বাধ্য করেছে, যদিও তারা সংসদের ভেতরেই বিষয়গুলোর ফয়সালা করতে চেয়েছিলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় বসে সরকার নিজেদের শিশু সরকার বলছে, কিন্তু জনগণ কোনো শিশুকে ভোট দেয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রসঙ্গে তিনি বলেন, মেয়র মেয়াদোত্তীর্ণ এবং এটি ফ্যাসিবাদ। নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশ চালানোর যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তার বিপরীতে এখন প্রশাসক বসানো হয়েছে বলেও তিনি প্রশ্ন তোলেন।
বিএনপির উদ্দেশে সতর্কবার্তা দিয়ে শফিকুর রহমান বলেন, আগের সরকার যে রাস্তা দিয়ে হেঁটে বিদায় নিয়েছে, বিএনপিও সেই রাস্তায় হাঁটতে চায় কি না তা দেখতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা উল্টাপাল্টা করবেন আর বিরোধী দল বসে আঙুল চুষবে—তা হবে না। এখন পর্যন্ত আঙুল সোজা আছে, প্রয়োজনে তা বাঁকা করা হবে।
লংমার্চের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এই কর্মসূচি সরকারকে সতর্ক করার জন্য। পাশাপাশি ২০২৪ সালের হত্যাকাণ্ড এবং সব হত্যাকাণ্ডসহ আয়নাঘর তৈরির সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান তিনি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা কথা দিচ্ছি, সেই বিচার আমরা আদায় করে ছাড়ব এবং গণভোটের রায় বাস্তবায়নের লড়াই থামবে না। সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























